বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা
ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় শাহাদাত হোসেন (৭৫) নামে এক অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে জামদিয়া ইউনিয়নের করিমপুর গ্রামের ওসমান ডাক্তারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
শাহাদাত হোসেনের বাড়ি বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নের করিমপুর গ্রামে।
নিহতের ছেলে রিজাউল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার ভোরে ফজরের আজান হওয়ার পর প্রতিদিনের ন্যায় তিনি ও তার বাবা নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেলেন। বাবা শাহাদাত হোসেন তার আগে মসজিদের দিকে রওনা হন। যশোর নড়াইল সড়ক পার হওয়ার সময় কোনো দ্রুতগামি যান তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। কিছুক্ষণপর রিজাউল মসজিদের উদ্দেশে সড়ক পার হওয়ার সময় তার বাবাকে মৃত অবস্থায় সনাক্ত করেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কোনো অভিযোগ বা মামলা হয়নি। বিষয়টি শুধুমাত্র ডায়েরিভুক্ত হয়েছে।



