ভোলার লালমোহন ও মনপুরা উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকালে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো— লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো: জামশেদের দেড় বছর বয়সী মেয়ে জাইমা রহমান, কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো: আনোয়ারের চার বছর বয়সী ছেলে মো: শাহাদাত ও মনপুরা উপজেলার হাজীরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জসিম হাওলাদারের ৬ বছর বয়সী ছেলে সজিব।
জানা গেছে, বুধবার সকালে লালমোহনের বদরপুর ও কালমা ইউনিয়নে পরিবারের সকলের অগোচরে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায় দুই শিশু। কিছুক্ষণ পর তাদের না পেয়ে স্বজনরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাদের পুকুরের পানিতে ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
অপরদিকে, একই সময় মনপুরার হাজীরহাট ইউনিয়নে খেলার সময় পানিতে ডুবে যায় শিশু সজিব। পরে বাড়ির পাশের একটি ডোবা থেকে শিশুটিকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। উদ্ধারের পর স্বজনরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশুদের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: অলিউল ইসলাম ও মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাজহারুল ইসলাম।



