সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো পাঁচজন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৬ জনে। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত পাঁচজনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন, নর্থইস্ট মেডিক্যাল হাসপাতালে একজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও হবিগঞ্জ সদর হাসপাতালে দু’জন রয়েছেন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৪ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঁচজন, নর্থইস্ট মেডিক্যাল হাসপাতালে একজন, হবিগঞ্জ সদর হাসপাতালে দু’জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন ও সুনামগঞ্জ সদর হাসপাতালে দু’জন ভর্তি রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৯৬ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩৮ জন, সুনামগঞ্জে ৪১ জন, হবিগঞ্জে ৯০ জন, মৌলভীবাজারে ২১ জন ও অন্য জেলা থেকে এসে চিকিৎসা নেয়া ছয়জন রয়েছেন।
এদিকে চলতি বছরে ডেঙ্গুতে সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ওই রোগী সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ও তিনি সিলেট জেলা বাসিন্দা।
ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় এডিস মশার বংশবিস্তার রোধে বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ ও সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্ব দিয়েছে স্বাস্থ্য বিভাগ। একইসাথে জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার আহ্বান জানানো হয়।



