‘শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন ছিল জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা’

রাঙ্গুনিয়াস্থ শহীদ জিয়ার মাজারে চট্টগ্রাম মহানগর বিএনপির শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল

‘১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের রাজনীতিতে নতুন ধারার সূচনা করেন।’

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
চট্টগ্রামের রাঙ্গুনিয়াস্থ শহীদ জিয়াউর রহমানের মাজারে বিএনপির পুষ্পস্তবক অর্পণ
চট্টগ্রামের রাঙ্গুনিয়াস্থ শহীদ জিয়াউর রহমানের মাজারে বিএনপির পুষ্পস্তবক অর্পণ |নয়া দিগন্ত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির নেতাকর্মীরা।

সোমবার (৩১ আগস্ট) রাঙ্গুনিয়াস্থ শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন এবং তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক জনাব এরশাদ উল্লাহ এমপি, সদস্য সচিব জনাব নাজিমুর রহমান, সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় বিএনপির সদস্য শামসুল আলম উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপি বলেন, ‘১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের রাজনীতিতে নতুন ধারার সূচনা করেন। তার লক্ষ্য ছিল দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি শক্তিশালী ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ে তোলা। গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হয়ে পড়ার সময়ে তিনি বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত করেন। পরবর্তী সময়ে বিএনপি দেশ ও জাতির স্বার্থে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’

এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এস এম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াছিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মুবিন ও মনজুর আলম মঞ্জু।

দোয়া ও মিলাদ মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয়। একইসাথে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।