হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো: মোজাম্মেল হক।
সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে সহকারী সচিব মো: সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে এ পদে নিয়োগ প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ভিসি পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরের তারিখ পর্যন্ত (যেটি আগে ঘটবে সেই সময় পর্যন্ত) বহাল থাকবে। দায়িত্ব পালনকালে তিনি মূল পদের সমপরিমাণ বেতন-ভাতাসহ বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, অধ্যাপক ড. মোজাম্মেল হক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগীয় প্রধান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নতুন দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।



