ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে চারটি বাল্কহেডকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ জুলাই) বেলা ১১টার দিকে সদর উপজেলার মানপাশা টেম্পু স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান।
জরিমানাকৃত জাহাজগুলোর মধ্যে হানিফের মালিকানাধীন দু’টি, রহিম ও তুহিনের মালিকানাধীন একটি করে দু’টি জাহাজ রয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে চারটি অবৈধ বাল্কহেডকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্টদের ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
তিনি বলেন, ‘অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’



