খেলাধুলা শিশু-কিশোরদের মনস্তাত্ত্বিক ও শারীরিক বিকাশ ঘটায় : পরিবেশমন্ত্রী

‘মাদক ও কিশোর গ্যাং এখন সারাদেশের সমস্যা। বিগত সরকার সবদিক থেকে সমাজকে কলুষিত করে গেছে। এ অবস্থা থেকে উত্তরণে মা-বাবার পাশাপাশি শিক্ষক ও সমাজের নেতৃস্থানীয়দের ভূমিকা রাখতে হবে।’

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু
বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু |নয়া দিগন্ত

খেলাধুলা শিশু-কিশোরদের মনস্তাত্ত্বিক ও শারীরিক বিকাশ ঘটায় বলে মন্তব্য করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, মাদক ও কিশোর গ্যাং এখন সারাদেশের সমস্যা। বিগত সরকার সবদিক থেকে সমাজকে কলুষিত করে গেছে। এ অবস্থা থেকে উত্তরণে মা-বাবার পাশাপাশি শিক্ষক ও সমাজের নেতৃস্থানীয়দের ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। বর্তমান সরকার তরুণদেরকে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করতে নতুন কুঁড়ি স্পোর্টস চালু করেছে। এর মাধ্যমে শিশু কিশোরদের মনস্তাত্ত্বিক ও শারীরিক বিকাশ হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধকরণ এবং নৈতিক শিক্ষা দিতে হবে।

রোববার (৩১ মে) বিকেলে ফেনী জেলার সোনাগাজী উপজেলার নবাবপুর বি সি লাহা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে এঞ্জেলস ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী টুর্নামেন্ট আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন গ্রামেগঞ্জে ছড়িয়ে দিতে হবে। এঞ্জেলস ক্লাবের সাবেক সভাপতি ও নবাবপুর ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি উপজেলা আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঁইয়া, গ্রিনল্যান্ড গ্রুপের পরিচালক আনসার উদ্দিন, জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন মামুন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কফিল উদ্দিন মামুন ও উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া প্রমুখ। ক্লাবের সভাপতি আজিমউদ্দিন স্বাগত বক্তব্য রাখেন।

ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির জানান, টুর্নামেন্টে জেলার বিভিন্ন স্থান থেকে ১৪টি দল অংশগ্রহণ করে।

ফাইনালে বিয়েবাড়ি শেরওয়ানি বনাম তুলাতুলি একাদশ খেলার নির্ধারিত সময়ে এক-এক গোলে ড্র করে। পরে ট্রাইবেকারে তুলাতুলি একাদশকে চার-তিন গোলে হারিয়ে বিয়েবাড়ি শেরওয়ানি চ্যাম্পিয়ন হয়। খেলা উপভোগ করতে আশপাশের এলাকা থেকে হাজার হাজার দর্শক অংশগ্রহণ করেন।