চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

খুলনা থেকে চিলাহাটি অভিমুখী মেইল ট্রেন ‘রকেট এক্সপ্রেসের’ ধাক্কায় ইকবাল হোসেনের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এফ এ আলমগীর, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga-S
ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু |প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে ইকবাল হোসেন মালিতা (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকেল ৩টার দিকে মোমিনপুর রেলস্টেশন সংলগ্ন কবরস্থানের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইকবাল হোসেন মালিতা আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের কান্তপুর গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মরহুম আলতাব হোসেন মালিতার ছেলে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে চিলাহাটি অভিমুখী মেইল ট্রেন ‘রকেট এক্সপ্রেসের’ ধাক্কায় ইকবাল হোসেনের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের বড় ভাই জানান, তার ভাই দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং ভবঘুরের মতো ঘুরে বেড়াতেন। চার দিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের সদস্যদের কাছে তিনি আত্মহত্যার ইচ্ছার কথাও বলেছিলেন। এছাড়া তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবারের দাবি। জীবিকার জন্য তিনি বিভিন্ন ট্রেনে ভিক্ষাবৃত্তি করতেন।

চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই জগদীশ জানান, বিকেল ৩টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রেনে আঘাতপ্রাপ্ত হয়ে এক ব্যক্তির মৃত্যুর সত্যতা পায়। পরে নিহতের পরিচয় শনাক্ত করা হয় এবং তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে জানা গেছে নিহত ব্যক্তি মাদকাসক্ত ছিলেন এবং মাদক ইনজেকশন ব্যবহার করতেন। তার বিরুদ্ধে কয়েকটি মামলাও রয়েছে। তার স্ত্রী জীবিত নেই এবং কোনো ছেলেসন্তান নেই। চার কন্যাসন্তান রয়েছে। তিনি বিভিন্ন সময় ট্রেনে ঘুরে বেড়াতেন।

এসআই জগদীশ আরো জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়াধীন।