ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপি সরকারের জনকল্যাণমুখী কর্মকাণ্ডের প্রচারণা এবং আলোকিত গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও গড়ে তোলার লক্ষ্যে জনসম্পৃক্ততামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে দক্ষিণ গফরগাঁও উপজেলার টাংগাব ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
টাংগাব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: আমান উল্লাহ মেম্বারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য (এমপি) এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু এমপি জনগণের সাথে সরাসরি সম্পৃক্ততা বাড়িয়ে এলাকার সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে বর্তমান সরকারের জনকল্যাণমুখী কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এছাড়া গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁও উপজেলার উন্নয়ন, জননিরাপত্তা, শিক্ষা, যোগাযোগ ও নাগরিক সুবিধা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এমপি আক্তারুজ্জামান বাচ্চু তার বক্তব্যে গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁওয়ের মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন।
সভায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক, উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন, পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ কে এম আনসার উদ্দিন, গফরগাঁও পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস ছালাম বেপারী, সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান স্বপন, উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক গফুর হাসান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সরদার মো: খুররমসহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।



