বড়াইগ্রামে জামায়াত নেতার নামে ভূয়া আইডি খুলে প্রতারণার অভিযোগ

তার একটি ফেসবুক আইডি থাকা স্বত্ত্বেও কে বা কারা তার ছবি ও নাম ব্যবহার করে আরেকটি আইডি খুলেছে।

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

Location :

Baraigram
ভূয়া আইডি খুলে প্রতারণা
ভূয়া আইডি খুলে প্রতারণা |নয়া দিগন্ত গ্রাফিক্স

নাটোরের বড়াইগ্রামে জামায়াত নেতা হাফেজ মাহবুবুল আলমের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে বিভিন্ন ব্যক্তির সাথে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে।

দুর্বৃত্তরা ওই আইডি থেকে বিভিন্ন ব্যক্তির ম্যাসেঞ্জারে বিপদে পড়ে টাকা ধার দেয়ার জন্য অনুরোধ করে বেশ কিছু অর্থ হাতিয়ে নিয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় রোববার (১৯ জুলাই) থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

জামায়াত নেতা হাফেজ মাহবুবুল আলম উপজেলার জোনাইল গ্রামের ওমর আলী প্রামাণিকের ছেলে। তিনি জোনাইল ইউনিয়ন জামায়াতের আমির এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, তার একটি ফেসবুক আইডি থাকা স্বত্ত্বেও কে বা কারা তার ছবি ও নাম ব্যবহার করে আরেকটি আইডি খুলেছে। শনিবার (১৮ জুলাই) তারা ওই আইডি থেকে তার রাজনৈতিক সহকর্মীসহ নিকটাত্মীয়দের ম্যাসেঞ্জারে সাময়িক বিপদে পড়েছেন বলে কারো কাছে ১০ হাজার, কারো কাছে পাঁচ হাজার টাকা করে সহযোগিতা চান।

তাদের প্রতারণার বিষয়টি বুঝতে না পেরে কয়েকজন স্বজন তাদের দেয়া বিকাশ নাম্বারে টাকা পাঠান। পরে বিষয়টি জানাজানি হলে ওই জামায়াত নেতা নিজের আইডি থেকে তাদের প্রতারণার বিষয়টি পোষ্ট করেন।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় জড়িতদের গ্রেফতারসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।