ইয়ুথ চেঞ্জমেকার্স নেটওয়ার্কের উদ্যোগে এবং রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সার্বিক সহযোগিতায় রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডজুড়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ কার্যক্রম (প্রকল্প শিকড়) শুরু হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন।
এ সময় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীর উদ্যোগের বাস্তবায়নে সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। রাজশাহী সিটি করপোরেশন কর্তৃক নগরজুড়ে আড়াই লাখ গাছের চারা রোপণ কার্যক্রম চলমান রয়েছে। সিটি করপোরেশনের সহযোগিতায় বিভিন্ন সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকরি প্রতিষ্ঠান বৃক্ষরোপণ করছে।’
তিনি বলেন, ‘আগামী দুই বছরের মধ্যে রাজশাহী মহানগরী আরো সবুজ হয়ে উঠবে। আমরা ঐক্যবদ্ধভাবে রাজশাহী মহানগরীকে আরো সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলব।’
তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী ঘোষিত ৩১ দফা রূপরেখার মধ্যে অনেক দফা বাস্তবায়ন হয়েছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড বিতরণ, ইমাম ও মোয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান, খাল খনন কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। মাদকমুক্ত দেশ গড়তে প্রধানমন্ত্রী ক্রীড়াকে পেশা হিসেবে গ্রহণ করতে যুব সমাজকে খেলাধুলার প্রতি অনুপ্রাণিত করেছেন।’
এ সময় ইয়ুথ চেঞ্জমেকার্স নেটওয়ার্কের সভাপতি দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসরাত জাহান, সহ-সভাপতি অমিত সরকারসহ অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, রাজপাড়া থানা বিএনপির সহ-সভাপতি গোলাম মর্তুজা মিল্টনসহ মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



