ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক কেনাবেচাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রায়হান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।
শুক্রবার (৩০ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের উত্তরপাড়ায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।
নিহত রায়হান ওই এলাকার মরহুম ছোটন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াবা কেনার জন্য দেয়া টাকা নিয়ে দুই যুবকের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে বিষয়টি নিয়ে স্থানীয় কয়েকজন মাদকবিরোধী যুবক প্রশ্ন তুললে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। একপর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতের আঁধারে টর্চলাইটের আলোয় প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলতে থাকে, যা পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। সংঘর্ষের একপর্যায়ে দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন রায়হান। পরে তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, ‘মাদক-সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। সংঘর্ষে রায়হান নামে একজন নিহত হয়েছেন। লাশ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’



