সিলেটে আরো ৪ ডেঙ্গুরোগী শনাক্ত

২৪ ঘণ্টায় নতুন করে চারজন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২ জন।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
ডেঙ্গুরোগী শনাক্ত
ডেঙ্গুরোগী শনাক্ত |প্রতীকী ছবি

সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো চারজন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭১ জনে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২ জন। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

সোমবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো: মাহবুবুল আলম এর সত্যতা নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া চারজনই সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে শনাক্ত হয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১২ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে নর্থ ইস্ট মেডিক্যাল হাসপাতাল সিলেটে একজন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে দু’জন, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয়জন, সদর হাসপাতাল হবিগঞ্জে দু’জন ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ আগস্ট পর্যন্ত সিলেট জেলায় ৩৪ জন, সুনামগঞ্জে ৩৪ জন, হবিগঞ্জে ৭৭ জন ও মৌলভীবাজারে ২০ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে অন্য জেলা থেকে আসা আরো ছয়জন রোগী সিলেটে শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার দু’জন, নেত্রকোনার দু’জন, বরিশালের একজন ও নোয়াখালীর একজন রয়েছেন। সব মিলিয়ে সিলেট বিভাগে চলতি বছর এখন পর্যন্ত ১৭১ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে আরো জানা গেছে, চলতি বছর সিলেট বিভাগে ডেঙ্গুতে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত থাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য বিভাগ। এডিস মশার বংশবিস্তার রোধে বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ ও মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। জ্বর, মাথাব্যথা ও শরীর ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।