কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ধনপুর গ্রামের একটি খাল থেকে সাজ্জাদ হোসেন (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের সানজু মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকেল থেকে সাজ্জাদ নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। শুক্রবার (১৭ জুলাই) সকালে বাড়ির পাশের খালে শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খেলতে গিয়ে অসাবধানতাবশত খালে পড়ে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



