প্রেমের টানে শরীয়তপুরে পাকিস্তানি যুবক

মোজাম্মেল হোসাইনের পরিবারের সাথে তাদের যোগাযোগ হয়েছে। নিয়মিত উভয় পরিবার যোগাযোগ করে আসছে। এতো দূরে মেয়ের বিয়ে হওয়াতে কিছুটা খারাপ লাগলেও অন্য কোনো শঙ্কা তাদের মধ্যে নেই।

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Shibchar
পাকিস্তানি যুবক মো: মোজাম্মেল হোসাইন, (ডানে) শরীয়তপুরের মেয়ে তানজিলা আক্তার
পাকিস্তানি যুবক মো: মোজাম্মেল হোসাইন, (ডানে) শরীয়তপুরের মেয়ে তানজিলা আক্তার |নয়া দিগন্ত

শরীয়তপুরের জাজিরায় প্রেমের টানে পাকিস্তান থেকে উড়ে এসেছে মো: মোজাম্মেল হোসাইন (২৬) নামে এক যুবক। শনিবার (১১ জুলাই) তিনি পাকিস্তানের লাহোর থেকে সরাসরি জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের স্টাপল্টন শিকদার কান্দি এলাকায় তার প্রেমিকা তানজিলা আক্তারের (১৯) বাড়িতে আসেন। পরে স্থানীয় ইমামের মাধ্যমে শরিয়াহ অনুযায়ী তাদের বিবাহ সম্পন্ন হয়।

বুধবার (১৫ জুলাই) বিকেলে উর্দুভাষী মো: মোজাম্মেল হোসাইন ও তার সদ্য বিবাহিত স্ত্রী তানজিলা আক্তারের সাথে কথা বলে জানা যায়, গত প্রায় চার বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় থেকে এ বিবাহ হয়। আগামীকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) মো: মোজাম্মেল হোসাইন ও তানজিলা আক্তার পাকিস্তান চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এ সময় পাকিস্তানি নাগরিক মো: মোজাম্মেল হোসাইনের পাসপোর্ট ও ভিসা দেখার পরে তানজিলার বাবা মো: মজিবুর রহমান শিকদারকে না পাওয়া গেলেও তার মা আসমা আক্তার জানান, মো: মোজাম্মেল হোসাইনের পরিবারের সাথে তাদের যোগাযোগ হয়েছে। নিয়মিত উভয় পরিবার যোগাযোগ করে আসছে। এতো দূরে মেয়ের বিয়ে হওয়াতে কিছুটা খারাপ লাগলেও অন্য কোনো শঙ্কা তাদের মধ্যে নেই বলে তিনি জানান।

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ জানান, এই বিষয়টি সম্পর্কে আমরা অবগত নই। খোঁজখবর নিয়ে কাগজ-পত্র যাচাই-বাছাই করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।