প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ড: হুমায়ুন কবির

সাংবাদিক তুরাব হত্যার বিচার নিশ্চিত করা হবে

সভায় বক্তারা শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মৃতিচারণ করে জুলাই চেতনা ধারণ করে আগামীর বাংলাদেশ নির্মাণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তারা এটিএম তুরাব হত্যাকারীদের বিচার নিশ্চিত করার দাবি জানান।

সিলেট ব্যুরো

Location :

Sylhet
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ড. হুমায়ুন কবিরের কাছ থেকে ‘সিলেট প্রেস ক্লাব এটিএম তুরাব পদক’ নিচ্ছেন নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ড. হুমায়ুন কবিরের কাছ থেকে ‘সিলেট প্রেস ক্লাব এটিএম তুরাব পদক’ নিচ্ছেন নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার |নয়া দিগন্ত

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র, পর্যটন ও বেসামরিক বিমান চলাচল এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উপদেষ্টা ড: হুমায়ুন কবির বলেছেন, যেসব ফ্যাসিস্ট সিলেটের তরুণ সাংবাদিক এটিএম তুরাবকে হত্যা করেছে তারা কোনো অবস্থায়ই পার পাবে না। আমি ঢাকায় ফিরে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর সাথে আলাপ করব। সাংবাদিক তুরাব হত্যার বিচার নিশ্চিত করা হবে।

উপদেষ্টা ড: হুমায়ুন কবির শনিবার বিকেলে সিলেট প্রেস ক্লাবে নয়া দিগন্তের সাবেক ব্যুরো প্রধান শহীদ সাংবাদিক এটিএম তুরাবের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও "সিলেট প্রেস ক্লাব এটিএম তুরাব পদক " বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ বছর " সিলেট প্রেস ক্লাব সাংবাদিক এটিএম তুরাব পদক " পেয়েছেন নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার। পররাষ্ট্র উপদেষ্টা অনুষ্ঠানে তার হাতে পদক ও সম্মাননার অর্থ তুলে দেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দেড় হাজার মানুষের জীবন ও হাজার হাজার মানুষের পঙ্গুত্বের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগের দাফন হয়ে গেছে। আওয়ামী লীগ আর বাংলাদেশে ফিরে আসবে না। এখন বিএনপি জামায়াত এনসিপিসহ সবাই মিলে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে ।

সিলেট প্রেস ক্লাব সভাপতি মুকতাবিস উন নূরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য আ্যডভোকেট এমরান আহমেদ চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসাইন চৌধুরী ও সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সাঈদা পারভীন।

সভায় বক্তারা শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মৃতিচারণ করে জুলাই চেতনা ধারণ করে আগামীর বাংলাদেশ নির্মাণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তারা এটিএম তুরাব হত্যাকারীদের বিচার নিশ্চিত করার দাবি জানান।