নাটোরে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

এ ঘটনায় ওই দিনই নিহতের মা মোছা: চামেলী বেগম নাটোর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নাটোর প্রতিনিধি

Location :

Natore
প্রতীকী ছবি

নাটোরে সাবেক স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা এবং তার ছোট বোনকে আহত করার ঘটনায় মো: রাজু প্রামানিক (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে নাটোরের অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো: দেলোয়ার হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত রাজু প্রামানিক নাটোর শহরের দক্ষিণ বড়গাছা মহল্লার মো: সুজন প্রামানিকের ছেলে।

মামলার বাদি ও নিহতের মা নাটোর শহরের বলারীপাড়া এলাকার বাসিন্দা মোছা: চামেলী বেগম জানান, ঘটনার প্রায় পাঁচ বছর আগে পারিবারিকভাবে তার বড় মেয়ে মিম খাতুনের সাথে রাজু প্রামানিকের বিয়ে হয়। তাদের সংসারে একটি কন্যাসন্তান রয়েছে।

বিয়ের প্রায় পাঁচ বছর পর রাজু মিম খাতুনকে তালাক দেন। পরে রাজু অন্যত্র বিয়ে করেছেন জানতে পেরে মিমের পরিবারও তাকে অন্যত্র বিয়ে দেয়ার চেষ্টা করে। এতে ক্ষিপ্ত হয়ে রাজু প্রামানিক ২০২২ সালের ২৯ জানুয়ারি সকালে চামেলী বেগমের অনুপস্থিতিতে তাদের ভাড়া বাসায় প্রবেশ করেন।

এ সময় তিনি ধারালো অস্ত্র দিয়ে তার সাবেক স্ত্রী মিম খাতুনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। তাকে রক্ষা করতে এগিয়ে এলে মিমের ছোট বোন মনীষা খাতুনকেও কুপিয়ে আহত করা হয়।

পরে স্বজনরা খবর পেয়ে আহত দুই বোনকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিম খাতুনকে মৃত ঘোষণা করেন। আহত মনীষা খাতুন চিকিৎসা নেন।

এ ঘটনায় ওই দিনই নিহতের মা মোছা: চামেলী বেগম নাটোর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার আদালত আসামি রাজু প্রামানিককে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫ লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরো তিন বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

নাটোরের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।