দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় হতাহত ৭৩ জনের পরিবারকে মোট তিন কোটি ৩৯ লাখ টাকার চেক বিতরণ করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) উদ্যোগে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে এসব চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডা: জাহিদ হোসেন।
এ সময় তিনি বলেন, সড়ক দুর্ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনতে যানবাহন চলাচলে চালক, মালিক ও যাত্রীদের সচেতন হতে হবে। যাতে আমরা রাস্তায় সঠিকভাবে চলাচলের মাধ্যমে সড়ক দুর্ঘটনার ভয়াবহ অবস্থা থেকে নিজেদের রক্ষা করতে পারি।
আলোচনা সভা শেষে সড়ক দুর্ঘটনায় নিহত ৬৫ জনের প্রত্যেক পরিবারকে পাঁচ লাখ করে এবং আহত আটজনের মধ্যে ১৪ লাখ টাকার চেক বিতরণ করেন মন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ মো: আখতারুজ্জামান মিয়া, মো: মনজুরুল ইসলাম, এ জেড এম রেজওয়ানুল হক, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো: মোফাজ্জল হোসেন দুলাল এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। বাসস



