মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ১২টি নিহত পরিবারের প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকা এবং চারজন আহত ব্যক্তিকে এক লাখ টাকা করে মোট চার লাখ টাকার চেক প্রদান করা হয়।
জেলা প্রশাসক (ডিসি) নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ-এর পরিচালক ও ট্রাস্টি বোর্ডের সচিব রুবাইৎ-ই-আশিক।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) কাজী নাহিদ ইভা, বিআরটিএ-এর সহকারী পরিচালক মাহবুব কামাল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, সিভিল সার্জনের প্রতিনিধি ডা: মরিয়ম রকিব, বিআরটিএ-এর পরিদর্শক লাভলু শিকদার, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক শিহাব সুমন ও ভুক্তভোগী পরিবারের সদস্য নাজমুন নাহার।
প্রধান অতিথির বক্তব্যে বিআরটিএ-এর পরিচালক ও ট্রাস্টি বোর্ডের সচিব রুবাইৎ-ই-আশিক বলেন, ‘কোনো মাদকসেবীকে ডাইভিং লাইসেন্স দেয়া হবে না। ডোপটেস্ট বাধ্যতামূলক করা হবে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে।’
তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে পাঁচ লাখ টাকা, দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত বা স্থায়ীভাবে পঙ্গুত্ববরণকারী ব্যক্তিকে তিন লাখ টাকা এবং সাধারণ আহত ব্যক্তিকে এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।’
তিনি আরো বলেন, ‘সড়ক দুর্ঘটনার শিকার ব্যক্তি বা নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের দুর্ঘটনার তিন মাসের মধ্যে বিআরটিএ কার্যালয়ে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন জমা দিতে হবে।’
জেলা প্রশাসন ও বিআরটিএ মানিকগঞ্জ জেলা শাখার যৌথ উদ্যোগে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



