জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, ‘একসময় আমরা মিছিল করতে পারতাম না, বাগানে বাগানে পালিয়ে ছিলাম। আজকে আমরা বুক ফুলিয়ে মিছিল করছি। এখন বাধা দেয়ার কোনো মানুষ নেই। বাধা দেয়ারও সাহস নেই। সেজন্যই আমি অন্যকে সম্মান করি, বিরোধী মতকে সম্মান জানাই।’
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বিএনপির উদ্যোগে দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিবি এসব কথা বলেন।
আশরাফ উদ্দিন নিজান বলেন, ‘এখন আমাদের সরকারের মাত্র ছয় মাস বয়স। সাড়ে চার বছর পর আবার নির্বাচন হবে। সেদিন কিন্তু মানুষ ঠিক করে নেবে। আজকে যে মানুষের সাথে আপনি খারাপ আচরণ করছেন, যে মানুষটাকে ধমক দিয়েছেন, ক্ষমতা দেখিয়েছেন, সাড়ে চার বছর পর আবার তার কাছে আমাদের যেতে হবে। এটার নামই গণতান্ত্রিক রাজনীতি।’
তিনি বলেন, ‘আমরা গণতান্ত্রিক রাজনীতির কথা বলবো। আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলবো। আমরা দুর্নীতির বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে কথা বলবো। এদেশের সম্পদ যারা বিদেশে পাচার করেছে তাদের বিরুদ্ধে কথা বলবো।’
তিনি আরো বলেন, ‘১৭ বছর আওয়ামী লীগ সরকারি বরাদ্দের টিআর, কাবিখা লুট করেছে, মানুষ তাদেরকে জবাব দিয়েছে। এখন আপনারা যদি তাই করেন আপনাদেরকেও মানুষ সময়ে উচিত জবাব দেবে।’
নেতাকর্মীদের সতর্ক করে হুইপ বলেন, ‘আপনারা আমাকে লক্ষ্য করবেন, অনুসরণ করবেন। আমি অনুসরণ করবো আমার নেতা তারেক রহমানকে। তারেক রহমান এখনো ১৫০ টাকায় ক্যান্টিনের ভাত খান। তিনি বড় চেয়ারে বসেন না। আমি কেন বসবো? আপনাদেরকে প্রথমে চিন্তায় ও চেতনায় পরিবর্তন আনতে হবে। মুখোশধারী পরিবর্তন আনলে হবে না।’
তিনি বলেন, ‘আমরা স্বৈরাচারের পতন ঘটিয়ে ক্ষমতায় এসেছি। তাই আমাদের সকলকে সাবধান ও সংযত থাকতে হবে। আমরা যেন জনগনের মাঝে একইরূপে আবির্ভূত না হই। যেভাবে আওয়ামী লীগ আবির্ভূত হয়েছিল।’
উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলনগর উপজেলা বিএনপির সহ সভাপতি গোলাম কাদের, সাধারণ সম্পাদক দিদার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক ইউছুফ পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আমজাদ হোসেন, সদস্য সচিব আবু সাঈদ দোলনসহ দলটির সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।



