ময়মনসিংহের ত্রিশালে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। এ ঘটনায় আরো চারজন গুরুতর আহত হয়েছেন। তারা সবাই অটোরিকশার যাত্রী বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) সকাল ৯টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, বালিপাড়াগামী একটি বালুবাহী ট্রাকের সাথে ত্রিশালগামী যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা দুই যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন।
দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, নিহত দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। তাদের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও অটোরিকশাটি জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



