সালথা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের সালথায় আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে বসেছে গ্রামীণ মেলা। নৌকার বৈঠার ছন্দ, মাঝিদের সুর আর দর্শকদের উল্লাসে মুখর হয়ে ওঠে আষাঢ়ের বিলে দুই পার।
খোয়াড় গ্রামবাসীর উদ্যোগে শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৪টায় খোয়াড় গ্রামের বটতলাসংলগ্ন আষাঢ়ের বিলে অনুষ্ঠিত হয় এই ঐতিহ্যবাহী নৌকাবাইচ।
দূর-দূরান্ত থেকে নৌকাবাইচপ্রেমীরা এই প্রতিযোগিতা দেখতে ছুটে আসেন।
নৌকাবাইচকে কেন্দ্র করে আয়োজিত গ্রামীণ মেলায় দেখা যায় উৎসবের আমেজ। শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষসহ সব বয়সী মানুষের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় আনন্দের মিলনমেলায়। মেলায় বিভিন্ন গ্রামীণ পণ্য, খাবার ও ঐতিহ্যবাহী সামগ্রীর সমাহার ঘটে।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, জিলা স্কুলের সিনিয়র শিক্ষক মো. জাহিদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, মো. শাহিনুর রহমান শাহিন ও কামরুল ইসলাম।
এ ছাড়া স্থানীয় আটঘর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মুরাদুর রহমান, উপজেলা যুবদল নেতা শফিকুল ইসলাম, মাহফুজুর রহমান খান, মো. জসিম মোল্যা, স্থানীয় সামাদ মাতুব্বর, আনিচুর রহমান (মেম্বার)-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



