ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে নীলফামারীতে মানববন্ধন

নীলফামারীতে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ ও নিয়োগ বাতিলের দাবিতে সচেতন গ্রাহক ফোরাম মানববন্ধন করেছে। বক্তারা এস আলম গ্রুপের প্রভাবমুক্ত ব্যাংক ব্যবস্থাপনার দাবি জানিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দেন।

আবদুল গফুর, নীলফামারী
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবীতে নীলফামারীতে মানববন্ধন
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের দাবীতে নীলফামারীতে মানববন্ধন |নয়া দিগন্ত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান মো: খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে নীলফামারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুর ১২টার দিকে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম নীলফামারী জেলা শাখার উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম নীলফামারী জেলা শাখার সদস্য সচিব আরিফ আল মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক মোস্তাকিমুল ইসলাম, সদস্য মাওলানা নাজমুল হুদা, ময়নুল ইসলাম, এনামুল হক প্রমুখ।

বক্তারা বলেন, ‘অবিলম্বে ইসলামী ব্যাংক থেকে ব্যাংক লুটেরা এস আলম গ্রুপের উত্তরসূরিদের অপসারণ করতে হবে এবং ফ্যাসিবাদের দোসর খুরশিদ আলমের চেয়ারম্যান হিসেবে নিয়োগ বাতিল করতে হবে। তা না হলে ইসলামী ব্যাংকের কোটি কোটি গ্রাহক রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।’

ইসলামী ব্যাংক নীলফামারী শাখা কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ইসলামী ব্যাংকের গ্রাহক ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়।