মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের মাদারগঞ্জে অভিযান চালিয়ে ১ হাজার ৭৫ মিটার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ পরিচালিত মোবাইল কোর্ট।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের পূর্ব তারতাপাড়া ও জোনাইল বাজার ব্রিজের নিচে অভিযান চালিয়ে এসব অবৈধ জাল জব্দ করা হয়। এর মধ্যে ৮৫০ মিটার চায়না দুয়ারী জাল এবং ২২৫ মিটার কারেন্ট জালসহ মোট ১ হাজার ৭৫ মিটার জাল রয়েছে।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষে জব্দ করা জালগুলো বিকেল ৫টার দিকে মাদারগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে মাদারগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুজ্জামান, মাদারগঞ্জ মডেল থানার এএসআই রাজিব, কনস্টেবল রোকনুজ্জামানসহ মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মাদারগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুজ্জামান বলেন, ‘চায়না দুয়ারী ও কারেন্ট জাল দিয়ে নির্বিচারে মাছ ধরার কারণে দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
তিনি আরো বলেন, ‘অবৈধ জাল ব্যবহার ও বিক্রির সাথে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। মৎস্য সম্পদ রক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতাও প্রয়োজন।’



