থানার ভেতরে সিআইডির এক পুলিশ পরিদর্শককে (ইন্সপেক্টর) কিল-ঘুষি ও থাপ্পড় মারা দিনাজপুর জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজিবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) কেন্দ্রীয় কৃষক দলের প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
এতে বলা হয়, দলীয় নীতি, আর্দশ, শৃঙ্খলা ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব মজিবর রহমান মজিবকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ওই প্রেস বিজ্ঞপ্তিতে মজিবরের সাথে দলীয় নেতাকর্মীদেরকে কোনোরূপ যোগাযোগ না রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, রোববার (৯ আগস্ট) রাতে দিনাজপুর কোতোয়ালি থানার ভেতরে সিআইডির এক পুলিশ পরিদর্শককে (ইন্সপেক্টর) কিল-ঘুষি ও থাপ্পড় মারেন দিনাজপুর জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান। এরপর পুলিশ তাকে আটক করে। মুজিবুর রহমানের সাথে থাকা তার আরো দুই সহযোগী পালিয়ে যায়। পুলিশ তাদেরকেও আটকের অভিযান শুরু করেছে বলে জানা গেছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী জানান, থানায় দায়িত্ব পালনকালে সিআইডির এক পুলিশ পরিদর্শকের সাথে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে। এ ঘটনায় ওই পুলিশ পরিদর্শক বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে ওই দিন রাতেই গ্রেফতার করা হয়েছে।



