কুড়িগ্রাম প্রতিনিধি
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় একই পরিবারের তিন জমজ বোনের একসাথে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনের বিরল সাফল্যে আনন্দের জোয়ার বইছে কুড়িগ্রামে। মেধা, অধ্যবসায় ও নিয়মিত পড়াশোনার স্বীকৃতি হিসেবে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে তাবিয়া রহমান, তাহিয়া রহমান ও তাকিয়া রহমান।
তারা কুড়িগ্রাম জেলা জজ আদালতের আইনজীবী তারিকুর রহমান তারিক ও গৃহিণী শাহিনা আক্তারের কন্যা। তিন মেয়ের এই অসাধারণ অর্জনে গর্বিত পরিবার, শিক্ষক ও সহপাঠীরা।
জানা গেছে, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তাহিয়া রহমান ও তাকিয়া রহমান কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয় থেকে এবং তাবিয়া রহমান অর্জুনডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ নিয়ে কৃতিত্বের সাথে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে।
পরিবার ও শিক্ষকদের ভাষ্য, ছোটবেলা থেকেই তিন বোনই অত্যন্ত মেধাবী, শান্ত-শিষ্ট ও শৃঙ্খলাপরায়ণ। নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের পরামর্শ অনুসরণ এবং শেখার প্রতি প্রবল আগ্রহই তাদের এ সাফল্যের মূল ভিত্তি।
বর্তমানে তাহিয়া ও তাকিয়া কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়ন করছে। অপরদিকে তাবিয়া রহমান কুড়িগ্রাম বর্ডার গার্ড স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
তিন মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত বাবা আইনজীবী তারিকুর রহমান তারিক বলেন, “মহান আল্লাহর কাছে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, উত্তম জ্ঞান ও নৈতিক চরিত্রের জন্য দোয়া করি। সবার কাছেও আমার মেয়েদের জন্য দোয়া কামনা করছি।”
কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন বলেন, “একই পরিবারের তিন জমজ বোনের একসাথে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন শুধু তাদের পরিবারের জন্য নয়, কুড়িগ্রামের শিক্ষা অঙ্গনের জন্যও একটি অনন্য দৃষ্টান্ত। তাদের এই সাফল্য অন্য শিক্ষার্থীদেরও অধ্যবসায় ও মেধার মাধ্যমে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।”


