উলিপুরে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

জব্দকৃত সার কৃষকদের মধ্যে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

Location :

Kurigram
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে মজুদকৃত সার জব্দ
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে মজুদকৃত সার জব্দ |নয়া দিগন্ত

কুড়িগ্রামের উলিপুরে অবৈধভাবে সার মজুদ রাখার দায়ে মো: আব্দুর রউফ (৪৮) নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসাথে তার মজুদ করা ৪০ বস্তা সার জব্দ করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলার দলদলিয়া ইউনিয়নের বসার বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো: আব্দুর রউফের (মরহুম রহিম বকস) হেফাজত থেকে ৪০ বস্তা সার মজুদ অবস্থায় পাওয়া যায়। এর মধ্যে ৩২ বস্তা এমওপি ও বাকি আট বস্তা টিএসপি সার রয়েছে।

অবৈধভাবে সার মজুদ রাখার অপরাধে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(১) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১২(৩) ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মজুদকৃত ৪০ বস্তা সার জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার জানান, জব্দকৃত সার কৃষকদের মধ্যে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে সার মজুদ, কৃত্রিম সঙ্কট সৃষ্টি ও অবৈধভাবে সার বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।