সিলেটে বিদেশী মদ-এসকাফসহ আটক ২

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশী মদ ও এসকাফসহ দুই মাদককারবারিকে আটক করা হয়েছে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
বিদেশী মদ ও এসকাফসহ দুই মাদককারবারিকে আটক করা হয়েছে
বিদেশী মদ ও এসকাফসহ দুই মাদককারবারিকে আটক করা হয়েছে |নয়া দিগন্ত

সিলেটের কোম্পানীগঞ্জে বসতবাড়িতে অভিযান চালিয়ে ৬৮ বোতল বিদেশী মদ ও পাঁচ বোতল এসকাফ সিরাপসহ দুই মাদককারবারিকে আটক করেছে র‌্যাব।

শনিবার (১২ সেপ্টেম্বর) এর সত্যতা নিশ্চিত করেন র‌্যাব-৯-এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের উৎমাছড়া পর্যটন স্পটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক মো: রমিজ উদ্দিন (৩৯) ও মো: জহির মিয়া (২২) কোম্পানীগঞ্জ থানার বনপুর (আদর্শ গ্রাম) এলাকার বাসিন্দা।

র‌্যাব-৯ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বসতবাড়িতে মাদক কারবারের খবর পেয়ে র‌্যাব-৯-এর সিপিসি-১ সিলেটের একটি দল সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রজিমকে আটক করা হয়।

পরে তার দেয়া তথ্য অনুযায়ী বসতঘরের পেছনের গর্ত থেকে ৩৪ বোতল বিদেশী মদ ও পাঁচ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। এরপর রমিজের দেয়া তথ্যের ভিত্তিতে একই গ্রামের জহিরের বাড়িতে তল্লাশি চালিয়ে আরো ৩৪ বোতল বিদেশী মদ উদ্ধার করে র‌্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সীমান্তবর্তী এলাকা থেকে মদ ও এসকাফ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন বলে জানায় র‌্যাব।

র‌্যাব-৯-এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। উদ্ধার মাদকসহ তাদের কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।