জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে পাঁচটি ড্রেজার মেশিন ও ৩ হাজার ৯০০ ফুট প্লাস্টিকের পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু কারবারিরা ড্রেজার মেশিন রেখে পালিয়ে যান।
রোববার (৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন সাধুরপাড়া ইউনিয়নের সিংগীডোবা বিলে এ অভিযান চালান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের ফলে কৃষিজমি ও পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি সড়ক ও স্থানীয় অবকাঠামো ক্ষতির ঝুঁকিতে পড়ে। এ বিষয়ে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
ইউএনও মুরাদ হোসেন জানান, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ বালি উত্তোলনের খবর পেয়ে অভিযান পরিচালনা করা ঘটনাস্থল থেকে পাঁচটি ড্রেজার মেশিন জব্দ ও পাইপ ধ্বংস করা হয়েছে। উপজেলার একাধিক স্থানে এ অভিযান চালানো হয়েছে। অবৈধভাবে নদী ও কৃষি জমি থেকে মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।



