ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিউটন দাস (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কলমা ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নিউটন দাস উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা। তিনি শ্রীনন্দ দাস ও রেখা রানী দাসের ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে নিউটন দাস হাওরে মাছ ধরতে যান। বেলা ১১টার দিকে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুকনুজ্জামান বলেন, হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে নিউটন দাস নামে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান।



