মিরসরাইয়ে বালুর ট্রাকের সাথে ট্রেনের ধাক্কা, বন্ধ ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল

জোরারগঞ্জ ইউনিয়নের দরবার টিলা এলাকায় ক্রসিং সড়ক পার হওয়ার সময় বালু ভর্তি পিক-আপটি রেললাইনে আটকে পড়ে।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
বালুর ট্রাকের সাথে ট্রেনের ধাক্কা
বালুর ট্রাকের সাথে ট্রেনের ধাক্কা |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে বালু ভর্তি পিক-আপের সাথে সিলেটগামী একটি ট্রেনের সংঘর্ষ হয়েছে। বন্ধ রয়েছে ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল।

রোববার (৭ জুন) সকাল ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় দরবারটিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো ধরণের হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, জোরারগঞ্জ ইউনিয়নের দরবার টিলা এলাকায় ক্রসিং সড়ক পার হওয়ার সময় একটি বালু ভর্তি পিক-আপ রেললাইনে আটকে পড়ে। ট্রেনটি কাছে চলে আসলে পিক-আপে থাকা চালক হেলপার দ্রুত নেমে পড়ে। এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা পিক-আপটি দুমড়েমুচড়ে অন্তত আধা কিলোমিটার দূরে নিয়ে যায়।

ট্রেনের যাত্রী ইকবাল হোসেন জানান, সকাল ৮টায় চট্টগ্রাম থেকে ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে। পথিমধ্যে জোরারগঞ্জ এলাকায় পৌঁছালে কিছু বুঝে উঠার আগে ট্রেনে একটি বিকট শব্দে সবাই নড়ে চড়ে উঠে। ট্রেনে আতঙ্ক শুরু হয়ে যায়। কিছু দূর গিয়ে ট্রেনটি থামলে সবাই হুড়োহুড়ি করে নামতে থাকে। তবে ট্রেনে থাকা যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

চিনকি আস্তানা স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম বলেন, ‘সকাল ৯টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সাথে একটি বালু বোঝাই ট্রাকের ধাক্কা লাগে। এতে মানুষের কোনো ধরণের ক্ষতি হয়নি। ট্রেনের সাথে ট্রাকটি আটকে থাকায় তা এখনও সরানো সম্ভব হয়নি। উভয়লেনে সাময়িক ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দ্রুত দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরাতে কাজ চলছে।