বিদ্যুৎ, তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, আরেক নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ডা: মো: জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান সোহেল, শিল্প ও বাণিজ্য বিভাগের সেক্রেটারি আব্দুল হান্নান, বোয়ালিয়া পশ্চিম থানার সেক্রেটারি আমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমির ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ডা: মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে সংসদে কোরআন-সুন্নাহবিরোধী আইন পাস করছে। তারা নির্বাচনের আগে মদিনা সনদে দেশ চালানোর কথা বলেছে, তখন আমরা সাধুবাদ জানিয়েছি। কিন্তু নির্বাচিত হওয়ার ছয় মাসের মাথায় মুসলিম পারিবারিক আইনের কাটাছেঁড়া করার সাহস দেখিয়েছে।’
মানববন্ধনে বক্তারা দাবি করেন, সরকার অপ্রয়োজনীয় খাতে ব্যয় করে এখন জনগণের পকেট থেকে অর্থ নিয়ে তা পূরণ করার চেষ্টা করছে। আর এটা কোনো শুভ লক্ষণ নয়। তারা সরকারকে সহযোগিতা করতে চান। তবে সহযোগিতা পেতে বিরোধী দলের সাথে সরকারকে বসার আহ্বান জানান। একইসাথে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে না পারলে কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।



