পাবনার শহরে আলী হোসেন (৫৩) নামে এক ব্যক্তিকে সন্তানের সামনেই গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া পৃথক আরেকটি ঘটনায় মনিরুল ইসলাম (২৪) নামে এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
সোমবার (৮ জুন) সন্ধ্যায় পাবনা পৌর এলাকার জামিয়া আশরাফিয়া মাদরাসার সামনে আলী হোসেনকে ও বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনালের পেছনে মনিরুলকে হত্যা করা হয়।
নিহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে নিহত মনিরুল ইসলাম পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী ও আলী হোসেন চরমপন্থি দলের সদস্য ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে জামিয়া আশরাফিয়া মাদরাসায় সন্তানকে রাখতে গিয়েছিলেন আলী হোসেন। কিন্তু আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা সন্তানের সামনেই তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আলী হোসেন মারা যান।
অপরদিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় রাকিব ও মনিরুল নামে দুই যুবকের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মনিরুলকে ছুরিকাঘাত করে রাকিব। এ সময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে, পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, নিহতদের মধ্যে আলী হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আর মনিরুলের লাশ রাজশাহী থেকে পাবনার পথে রয়েছে। মনিরুলকে হত্যার ঘটনায় অভিযুক্ত রাকিবকে আটক করা হয়েছে। এসব ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।



