মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের মধুখালীতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে বন্ধ হয়েছে বাল্যবিবাহ।
সোমবার (৮ জুন) দুপুর ১টার দিকে উপজেলার কামালদিয়া ইউনিয়নের টাকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বরযাত্রী আসার আগেই বিয়ের আয়োজন বন্ধ করে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্ত।
তিনি জানান, উপজেলার কামালদিয়া ইউনিয়নের টাকদিয়া গ্রামে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর বিবাহের আয়োজন চলছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিবাহ আয়োজন করায় কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, অপর দিকে ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে বরপক্ষ আসার সাহস পায়নি। শেষে কনের বাড়িতে বিয়ের আয়োজনের খাবার জব্দ করে এতিমখানায় হস্তান্তর করা হয় এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে কনের পরিবারকে বুঝিয়ে আসা হয়।



