বরগুনা সদর উপজেলায় শামীম (৪০) নামে এক ব্যবসায়ীর মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত তার মাথা উদ্ধার করা সম্ভব হয়নি।
সোমবার (৮ জুন) সকালে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না বাজার সংলগ্ন একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শামীম বরগুনা সদর উপজেলার গৌরীচন্না এলাকার বাসিন্দা মো: মনসুর আলী ব্যাপারীর ছেলে।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, নিহত শামীম বরগুনা সদর উপজেলার স্থানীয় গৌরীচন্না বাজারে হাস-মুরগির ব্যবসাসহ বিভিন্ন এলাকায় জমি কেনা-বেচার কাজ করতেন। এছাড়া মানুষের কাছে তার টাকা-পয়সা লেনদেনও ছিল।
রোববার (৭ জুন) সন্ধ্যার দিকে শামীম তার বাসা থেকে বের হয়ে বাজারে যান। এরপর রাত ১১টার পরেও শামীম বাসায় না ফিরলে পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়েন। পরে অন্য স্বজনদের বিষয়টি জানিয়ে গভীর রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও কোথাও আর শামিমের সন্ধান পাওয়া যায়নি।
নিহত শামীমের ছোট ভাই সোহেল বলেন, ‘রোববার দিবাগত রাত ৩টার দিকে আমি খবর পেয়েছি বড় ভাইয়ের খোঁজ পাওয়া যাচ্ছে না। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে স্থানীয় বাসিন্দাদের কাছে জানতে চাইলে তারা বলেন, রাতে ব্রিজের পাশে গাছের ওপরে তাকে বসে থাকতে দেখেছেন। তাদের কথা অনুযায়ী ওই জায়গায় গিয়ে রক্তের দাগ দেখে সন্দেহ হলে আমরা পুলিশকে জানাই। পুলিশ ঘটনাস্থলে এসে খাল থেকে ভাইয়ের লাশ উদ্ধার করে।’
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়েছি গৌরীচন্না এলাকায় শামীম নামে এক ব্যবসায়ীর খোঁজ পাওয়া যাচ্ছে না। রক্তসহ বিভিন্ন ধরনের আলামত রয়েছে। পরে ঘটনাস্থলে পৌঁছে ব্রিজ সংলগ্ন এলাকায় রক্তের দাগ ও জুতা পড়ে থাকাসহ কিছু আলামত দেখতে পেয়েছি।
তিনি আরো বলেন, পড়ে থাকা জুতাটি শামীমের তা তার পরিবারের সদস্যরা শনাক্ত করেছেন। লাশ উদ্ধারের পর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি মাথাটি উদ্ধারের কার্যক্রম অব্যাহত রয়েছে।



