নওগাঁর মহাদেবপুরে দিঘিতে গোসল করতে নেমে পানিতে ডুবে তৌফিক এলাহি মেঘ (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার সরস্বতীপুর বাজার দিঘিতে এ ঘটনা ঘটে।
নিহত তৌফিক রংপুর জেলার বীরগঞ্জ উপজেলার চকরা গ্রামের মো: আব্দুল হাকিম মিয়ার ছেলে ও সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
জানা গেছে, নিহত তৌফিকের বাবা হাকিম মিয়া পল্লী শিশু ফাউন্ডেশনের চৌমাশিয়া (নওহাটা মোড়) শাখায় কর্মরত আছেন। চাকরির সুবাদে তারা সরস্বতীপুর বাজারের একটি বাসায় ভাড়া থাকেন।
সকালে তৌফিক বন্ধুদের সাথে সরস্বতীপুর স্কুল মাঠে ফুটবল খেলতে যায়। খেলা শেষে সে তার বন্ধুদের সাথে সরস্বতীপুর বাজার দিঘিতে সকাল সাড়ে ১০টার দিকে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে সাঁতার না জানায় সে পানির নিচে তলিয়ে যায়। গোসল শেষে তার বন্ধুরা সবাই পাড়ে উঠে এসে দেখে তৌফিক নেই। পাশে তার জুতা পরে আছে। এ সময় তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ও বাজারের লোকজন ছুটে এসে পানিতে নেমে তল্লাশি চালায়।
তল্লাশির সময় সুমন নামে একজনের পায়ের সাথে তৌফিকের স্পর্শ লাগে। তাৎক্ষণিকভাবে তারা তাকে পানির নিচে থেকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসেন। পরে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘এই বিষয়ে আপনার কাছেই প্রথমে জানলাম। খোঁজ নিয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’



