বরগুনায় গত ২৪ ঘণ্টায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) জেলার বামনা ও আমতলী উপজেলা থেকে এ তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন বামনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: জসীম উদ্দীন পিন্টু ওরফে চাউল পিন্টু, আমতলী উপজেলা ছাত্রলীগের কর্মী সাগর মাহমুদ নিশান (২৩) ও রাকিবুল ইসলাম গাজী (২৮)।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে বামনার চালিতাবুনিয়া গ্রাম থেকে জসীম উদ্দীন পিন্টুকে আটক করেন বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফারুক হোসেন খান।
এ বিষয়ে বামনা থানার ওসি ফারুক হোসেন খান বলেন, ‘রাজনৈতিক কার্যক্রম গোপনে চালানোর অভিযোগে মো: জসীম উদ্দীন পিন্টুকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।’
এর আগে শুক্রবার রাতে আমতলী উপজেলায় অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাগর ও রাকিবুলকে গ্রেফতার করে পুলিশ।
আমতলী থানার ওসি মো: ইয়াকুব হোসাইন বলেন, ‘গ্রেফতার দুজনের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল করার অভিযোগ রয়েছে। তাদের আদালতের মাধ্যমে বরগুনা জেল কারাগারে পাঠানো হয়েছে।’



