এমপি বাবুলের উদ্যোগে ভাঙ্গায় ৪৩টি সড়ক উন্নয়নের বড় পদক্ষেপ

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলের প্রচেষ্টায় ভাঙ্গা উপজেলার গ্রামীণ যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নেয়া হয়েছে।

এটিএম ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর)

Location :

Bhanga
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল |নয়া দিগন্ত

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলের প্রচেষ্টায় ভাঙ্গা উপজেলার গ্রামীণ যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নেয়া হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪৩টি গুরুত্বপূর্ণ সড়ক মেরামত, সংস্কার ও পুনর্বাসনের অনুমোদন পাওয়া গেছে। একই সাথে চান্দা ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণেরও অনুমোদন দেয়া হয়েছে।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় ১৪টি সড়ক, গ্রামীণ সড়ক পুনর্বাসন প্রকল্পের আওতায় ২৬টি সড়ক এবং ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের আওতায় আরো ৩টি সড়ক রয়েছে। সব মিলিয়ে ৪৩টি সড়কের উন্নয়নকাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে।

এর মধ্যে বালিয়াচরা দক্ষিণপাড়া মাদরাসা থেকে মানিকদী বটতলা পর্যন্ত সড়ক পাকাকরণ এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত একটি কাজ। এ সড়কটি পাকা হলে বালিয়াচরা, মানিকদীসহ আশপাশের এলাকার মানুষের চলাচল আরো সহজ হবে এবং কৃষিপণ্য পরিবহনেও সুবিধা সৃষ্টি হবে।

অনুমোদিত অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কের মধ্যে রয়েছে জানপুর আরএইচডি থেকে বাড়ইহাট জিসি ভায়া মানিকদাহ ইউপি সড়ক, পূর্ব সদরদী মাইনউদ্দিন মুন্সির খাল থেকে করম আলী খাল সড়ক, ব্রাহ্মণপাড়া আরএইচডি থেকে পাত্রাইল বাজার সড়ক, ভেন্নাতলী বাজার থেকে নাছিরাবাদ ইউপি ভায়া আবদুল্লাহবাদ বাজার সড়ক, আড়ুয়াকান্দা-ভেন্নাতলী বাজার সড়ক, কালামৃধা জায়কা সড়ক থেকে দেওড়া বাজার ভূমি অফিস সড়ক, কান্দারবাড়ী আরএইচডি-কামারবাড়ী আরএইচডি ভায়া মিরাকান্দা সড়ক, শরিফাবাদ বাজার ভায়া কুমারখালী সড়ক, লক্ষ্মীপুর বাজার থেকে লক্ষ্মীপুর ব্রিজ সড়ক, ফাজিলপুর জিপিএস থেকে রামদেবনগর ইউজেডআর সড়ক, কালামৃধা কুমারবাড়ী ইউজেডআর থেকে আজিমনগর দেওড়া ইউএনআর সড়ক, দেওড়া বাজার-গাছীবাড়ী সড়ক এবং পুকুরিয়া আরএইচডি থেকে কাইচাইল ইউপি অফিস সড়ক।

এ ছাড়া গ্রামীণ সড়ক পুনর্বাসন প্রকল্পের আওতায় উত্তর ব্রাহ্মণপাড়া জিপিএস থেকে নাজিরপুর খাঁকান্দা আরএইচডি, হামিরদী বাসস্ট্যান্ড থেকে নওপাড়া বাসস্ট্যান্ড ভায়া হামিরদী হাইস্কুল, দক্ষিণ আখরা বটতলা থেকে নওপাড়া, বাকপুরা বাররা ভায়া কাঠাবাড়ী জিপিএস, সুলিন বাজার-আয়ামকান্দি বাজার, মাধইয়াম (মায়ান শেখ বাড়ি) থেকে নয়ন বাজার ভায়া দিলকান্দা, আলগী ইউপি নলিয়া বাজার থেকে বড়দিয়া সাউথপাড়া ইউজেডআর, বালিয়াহাটি জিসি থেকে ভেন্নাতলী বাজার ভায়া সিকদারকান্দা জিপিএস, দুয়াইর বাজার থেকে বালিয়াহাটি আরএইচডি, গজারিয়া খেয়াঘাট-চর মনিয়ার বাজার, পাড়ানপুর মটখোলা জংশন স্টেশন সড়ক, মুনসরাবাদ বাজার ঘাট থেকে পুরাদিয়া ফেরিঘাট ভায়া ভেমেরকান্দা, জাকান্দা-লোচনগঞ্জ বাজার, চুমুরদী বাজার থেকে মোকসেদপুর বর্ডার, পাড়ানপুর দরগাখোলা জামে মসজিদ থেকে সদরপুর বর্ডার ভায়া চিত্তিয়ার বাড়ি, পাড়ানপুর-বালিয়াহাটি ২২ রশি ভায়া সুবলের বাড়ি-মাইঝাইল, দেওড়া আমান হাওলাদার বাড়ি থেকে দেওড়া কালাম বাড়ি, লোচনগঞ্জ বাজার থেকে কাউলিবেড়া ইউপি সড়ক, মইঝাইল আরএনজিপিএস থেকে ভূপুকাজী দোকান, চুমুরদী ইউপি থেকে রায়পাড়া ইউএনআর এবং রানাগাছা হাট থেকে পুরপাড়া সড়কসহ বিভিন্ন সড়ক রয়েছে।

অন্যদিকে ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের আওতায় বালিয়াহাটি জিসি থেকে ভেন্নাতলী বাজার ভায়া সিকদারকান্দা জিপিএস সড়ক, কালীবাড়ী বাজার আরএইচডি থেকে মানিকদী ইউপি অফিস ভায়া সাদিপুর বাজার সড়ক এবং ব্রাহ্মণপাড়া আরএইচডি থেকে পাত্রাইল বাজার সড়ক অন্তর্ভুক্ত হয়েছে।

প্রকল্পগুলোর অনুমোদনের ফলে ভাঙ্গার প্রত্যন্ত এলাকার সাথে বাজার, ইউনিয়ন পরিষদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও উপজেলা সদরের যোগাযোগব্যবস্থা আরো উন্নত হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে চলাচলে দুর্ভোগ পোহানো এলাকার মানুষের জন্য এসব সড়ক উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে, চান্দা ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের অনুমোদন পাওয়ায় ইউনিয়নবাসীর মধ্যেও আনন্দ দেখা দিয়েছে। নতুন ভবন নির্মিত হলে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম আরো সুশৃঙ্খল হবে এবং সাধারণ মানুষকে উন্নত পরিবেশে নাগরিক সেবা দেয়া সম্ভব হবে।

স্থানীয়দের মতে, ভাঙ্গার যোগাযোগব্যবস্থার উন্নয়নে একসাথে এতগুলো সড়ক প্রকল্প অনুমোদন একটি বড় অর্জন। এসব প্রকল্প বাস্তবায়নে স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলের আন্তরিক প্রচেষ্টা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামী ২-৩ মাসের মধ্যে কাজ শুরু হওয়ার প্রত্যাশা রয়েছে।

এলাকাবাসীর প্রত্যাশা, অনুমোদিত প্রকল্পগুলোর কাজ দ্রুত শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে সঠিক মান বজায় রেখে শেষ করা হবে। এতে ভাঙ্গার গ্রামীণ যোগাযোগব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তনের পাশাপাশি কৃষি, শিক্ষা, চিকিৎসা ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারেও নতুন সম্ভাবনা তৈরি হবে।