মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের সাথে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আহত অবস্থায় বলাই দাস নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। একইসাথে ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার কুমারশাইল সীমান্ত এলাকায় বিজিবির ৫২ ব্যাটালিয়ন (বিয়ানীবাজার) এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, ভারতে তৈরি অবৈধ অস্ত্র ও মাদকের একটি চালান কুমারশাইল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে, এমন গোপন খবরের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান শুরু করে। বিজিবির উপস্থিত টের পেয়ে চোরাকারবারির দলটি বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালান। গোলাগুলির একপর্যায়ে বলাই দাসের অন্য সঙ্গীরা পালিয়ে গেলেও বিজিবি তাকে গুলিবিদ্ধ ও আহত অবস্থায় আটক করতে সক্ষম হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, আটক ভারতীয় নাগরিক বলাই দাস বর্তমানে বিজিবির হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ সম্পূর্ণ রোধে সংশ্লিষ্ট এলাকায় বিজিবির বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।



