জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যরিস্টার কায়সার কামাল বলেছেন, ‘সাংবাদিকতা একটি মহান পেশা। সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচিত। অনেকেই লাভের আশায় এই মহান পেশাকে ঢাল হিসেবে ব্যবহার করে ফায়দা লুটছেন। যা কিছুতেই কাম্য হতে পারে না। এই পেশার মর্যাদা রক্ষায় সবার আগে আত্মসম্মানবোধ বজায় রেখে দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করতে হবে।’
বুধবার (২২ জুলাই) দুপুরে নেত্রকোনার সীমান্তবর্তী সুসং দুর্গাপুর বিরিশিরি উপজাতী কালচারাল অ্যাকাডেমি মিলনায়তনে পিআইবি ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘মাল্টিমিডিয়া ফ্যাক্ট চেক ও এআই’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আক্ষেপ করে ডেপুটি স্পিকার বলেন, ‘মফস্বলের অনেক সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে পর্যন্ত কাজ করেন। কিন্তু অধিকাংশ সাংবাদিদের সম্মানিটুকু পর্যন্ত দেয়া হয় না।’ তিনি সাংবাদিকদের শ্রদ্ধা জানিয়ে এই পেশার মহত্ত্ব বজায় রাখার আহ্বান জানান।
নেত্রকোনা জেলা প্রশাসক (ডিসি) খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) মো: তরিকুল ইসলাম, পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাঈদ,শাহীন, বুম বাংলাদেশের ফ্যাক্টচেকার ও এ আই বিশেষজ্ঞ আলী আকবর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত, উপজেলা কালচারাল অ্যাকাডেমির পরিচালক অঞ্জন কুমার চিসাম।



