চৌগাছায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

সোমবার (৮ জুন) সকালে যশোরের চৌগাছায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এম এ রহিম, চৌগাছা (যশোর)

Location :

Chaugachha
চৌগাছায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন
চৌগাছায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন |নয়া দিগন্ত

যশোরের চৌগাছায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) সকালে ইসলামী ব্যাংকের সামনে এ মানববন্ধন করা হয়।

এ সময় ব্যাংকের আমানত সুরক্ষা, গ্রাহকদের স্বার্থরক্ষা, বিতর্কিত ও অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান অপসারণ, এস আলম গ্রুপ ও ফ্যাসিবাদী শক্তির বয়কট এবং গ্রাহকদের ওপর নির্যাতন ও পুলিশি হামলার প্রতিবাদে এ মানববন্ধন করা হয়।

এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এতে বক্তৃতা করেন মাওলানা আজাদ হুসাইন, সাবেক পৌর কাউন্সিলর মহি উদ্দিন, আব্দুর রহমান, হাফিজুর রহমান ও হানেফ আলী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের আমানতকারীদের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি। ব্যাংকের পরিচালনা ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তারা অভিযোগ করেন, ব্যাংকের বিভিন্ন সিদ্ধান্তের কারণে সাধারণ গ্রাহকরা উদ্বেগের মধ্যে রয়েছেন এবং তাদের ন্যায্য দাবিগুলো উপেক্ষা করা হচ্ছে।

বক্তারা আরো বলেন, গ্রাহকদের যৌক্তিক আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলা ও হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সমাবেশ থেকে ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি প্রতীকী দুই ঘণ্টার কর্মবিরতি পালনের আহ্বান জানানো হয়। পাশাপাশি আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা, ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

গ্রাহকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।