চরফ্যাশনে পুলিশের অভিযানে ৩ মাদক কারবারি গ্রেফতার

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

মোহাম্মদ কামরুজ্জামান, চরফ্যাশন (ভোলা)

Location :

Bhola
দক্ষিণ আইচা থানা, চরফ্যাশন (ভোলা)
দক্ষিণ আইচা থানা, চরফ্যাশন (ভোলা) |নয়া দিগন্ত

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে দক্ষিণ আইচা থানার এসআই (নি.) প্রতাপ চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চর মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর কচ্ছপিয়া এলাকার একটি দোকানে অভিযান চালায়। অভিযানে ওই তিনজনকে আটক করা হয়।

গ্রেফতাররা হলেন— চর মানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বেল্লাল সিকদারের ছেলে বাবলু (২৬), ৫ নম্বর ওয়ার্ডের মরহুম ফারুকের ছেলে মো: রফিকুল ইসলাম (২৬) এবং মো: রিয়াদ (২৮)।

পুলিশের দাবি, তল্লাশিকালে তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা। এ ছাড়া ইয়াবা বিক্রির নগদ ৩ হাজার টাকা জব্দ করা হয়েছে।

পুলিশ আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক সংগ্রহ করে দক্ষিণ আইচা থানাসহ আশপাশের এলাকায় বিক্রির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির বলেন, ‘গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’