মদনে ছেলের দায়ের কুপে বাবা নিহত

ফজরের নামাজ আদায় করে মসজিদ থেকে বাসায় আসেন এলাহি মিয়া। চা পানের জন্য রান্না ঘরে যান তিনি। ইয়াছিনকে চা খেতে ডাকলে সাথে সাথে তিনি বটি দা দিয়ে তার বাবাকে কুপাতে থাকে।

Location :

Netrokona
নিহত এলাহি মিয়ার লাশ
নিহত এলাহি মিয়ার লাশ |নয়া দিগন্ত

মদন (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার মদনে মানসিক রোগী ইয়াছিন মিয়া (২০) বাবা এলাহি মিয়াকে (৬০) বটি দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে পৌর সদরের ৬ নম্বর ওয়ার্ডের আশকিপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত এলাহি মিয়ার বাড়ি মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নে শিবপাশা গ্রামের মাঝপাড়ায়।

পুলিশ ও স্বজনরা জানিয়েছে, বুধবার ফজরের নামাজ আদায় করতে মসজিদে যান নিহত এলাহি মিয়া। বাসায় ফিরে রান্না ঘরে নিজেই চা তৈরি করে মানসিক রোগী ইয়াছিন মিয়াকেও চা পান করতে বলেন তিনি। এ কথা শুনে অভিযুক্ত ইয়াছিন মিয়া ঘরে থাকা বটি দা দিয়ে বাবাকে কুপাতে থাকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা মদন উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় জড়িত থাকায় অভিযুক্ত ইয়াছিন মিয়াকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

নিহতের পুত্রবধু জেরিন আক্তার জানায়, বাবা ফজরের নামাজ আদায় করে মসজিদ থেকে বাসায় আসেন। চা পানের জন্য রান্না ঘরে যান বাবা। তখন বাবা ইয়াছিনকে বলে চা খেলে আয়। একথা বলার সাথে সাথে বাবাকে ইয়াছিন বডি দা দিয়ে কুপাতে থাকে। আহত হয়ে বাবা আমাকে ডাকতে থাকে। পরে আমাকে বলে আমার প্রতি তোমরা দাবি রাখ না। আমি এই পর্যন্তই জানি। তবে ইয়াছিন মানসিক রোগী ছিল। তাকে চিকিৎসাও করানো হচ্ছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম জানান, অভিযুক্ত ইয়াছিন দুই দিন যাবত খাওয়া দাওয়া করেনি। আজকে সকালে বাবা এলাহি মিয়া চা পান করতে বলেন। এ কথা শুনেই ইয়াছিন মিয়া পিছন দিক থেকে তাকে কুপিয়ে খুন করে। এ ঘটনায় অভিযুক্ত ইয়াছিনকে আটক করা হয়েছে।

তবে ইয়াছিন কোনো মানসিক রোগী কি-না এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মানসিক রোগী কি-না এ বিষয়টি বলতে পারবে একজন বিশেষজ্ঞ ডাক্তার।’