ব্রাহ্মণবাড়িয়ার নয়টি থানায় মাদকবিরোধী ও বিভিন্ন অপরাধবিরোধী অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় জেলার নয়টি থানায় পরিচালিত অভিযানে পরোয়ানামূলে ২৬ জন, নিয়মিত মামলায় ১৭ জন ও অন্য অপরাধে চারজনসহ মোট ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার পর আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো: আব্দুর রউফ বলেন, ‘মাদকবিরোধী ও বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার সবাইকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।



