মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মাদকবিরোধী অভিযানে চার মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন উপজেলার রসুলপুর গ্রামের মো: মোজাম্মেল সরকার (৪৮), খাদেরগাঁও ইউনিয়নের তেলিমাছুয়াখাল গ্রামের হাবিবুর রহমান মিয়াজী (৩৫) ও মো: দেলোয়ার হোসেন (২৬) এবং ঘিলাতলী গ্রামের তামজিদ মিয়া (২৮)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নারায়ণপুর বাজার পদ্মা ব্যাংক সংলগ্ন এলাকা থেকে মোজাম্মেল ও হাবিবুরকে পাঁচ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
শুক্রবার দুপুরে পুলিশ ও মতলব উপজেলা প্রশাসনের যৌথ পরিচালিত মোবাইল কোর্ট পরিচালনাকালে তামজিদ ও দেলোয়ারকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক করে এক মাসের জেল ও ২০০ টাকা জরিমানা দেয়া হয়।
ওসি হাফিজুর রহমান মানিক বলেন, ‘আসামি মোজাম্মেল সরকারের বিরুদ্ধে থানায় মাদকসহ তিনটি মামলা রয়েছে। আসামিদের আজ চাঁদপুর বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।’



