সমাবেশে যোগ দিতে বরিশালে পৌঁছেছেন জামায়াত আমির

বরিশাল নগরীর কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে ১১ দলীয় ঐক্যের মূল সমাবেশ বেলা ২টায় শুরু হওয়ার কথা রয়েছে। তবে সকাল ১০টা থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা ১১ দলের নেতারা বক্তব্য রাখছেন।

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
নয়া দিগন্ত

১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে যোগ দিতে বরিশালে পৌঁছেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

শনিবার সকালে বরিশালে পৌঁছালে সার্কিট হাউজে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির মাওলানা জহিরউদ্দিন মুহাম্মদ বাবর।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়া, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, ঢাকা জেলা আমির মাওলানা দেলোয়ার হোসেন, বরিশাল জেলা আমির অধ্যক্ষ আবদুল জব্বার, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের দফতর সম্পাদক কামরুল আহসান হাসান, বিএম কলেজ ছাত্র সংসদের (বাকসু) সাবেক এজিএস শেখ নেয়ামুল করিম, ইসলামী ছাত্রশিবিরের বরিশাল মহানগর শাখার সাবেক সভাপতি সগির বিন সাঈদসহ অন্যান্য নেতারা।

এর আগে শুক্রবার (১৭ জুলাই) রাতে বরিশালে পৌঁছান সমাবেশের বিশেষ অতিথি, বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম এমপি।

বরিশাল নগরীর কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে ১১ দলীয় ঐক্যের মূল সমাবেশ বেলা ২টায় শুরু হওয়ার কথা রয়েছে। তবে সকাল ১০টা থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা ১১ দলের নেতারা বক্তব্য রাখছেন। পাশাপাশি দেশীয় সাংস্কৃতিক সংসদ, বরিশাল অঞ্চলের শিল্পীরা প্রতিবাদী ও উদ্দীপনামূলক কোরাস গান পরিবেশন করছেন। বিভাগের ছয় জেলার শিল্পীরা নিজস্ব পোশাকে সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করছেন।

বেলা সাড়ে ১১টায় ডা. শফিকুর রহমান বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জামায়াতে ইসলামীর নারী সদস্যদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় বিধান অনুসরণ করে নারী সদস্যদের পর্দা নিশ্চিত রেখে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ায় সেখানে পুরুষ সদস্য বা গণমাধ্যমকর্মীদের প্রবেশের অনুমতি দেয়া হয়নি।