এক দিন পর সিলেটে হামে ফের মৃত্যুহীন দিন গেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন কোনো রোগীর মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত না হলেও ১২১ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ফলে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৫ জনে।
বুধবার (২ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১২১ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬২ জন, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৪ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয়জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ জন ও সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে একজন রয়েছে।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪২৫ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭৩ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৩০ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৪ জন, নর্থ ইস্ট মেডিক্যাল হাসপাতালে আটজন, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩২ জন, সিলেটের ১৩ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৮ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে সাতজন, হবিগঞ্জের ছয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২১ জন রয়েছে।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ৩১ জন। এর মধ্যে সিলেটে ৩৬৬ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন ও সুনামগঞ্জে ৩৫৭ জন আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন কোনো নিশ্চিত রোগী শনাক্ত না হওয়ায় এই সংখ্যা অপরিবর্তিত রয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে কোনো মৃত্যুর ঘটনা না ঘটায় মৃত্যুর সংখ্যা ১৫৪ জনেই স্থির রয়েছে। এর মধ্যে সিলেটে ৬১ জন, সুনামগঞ্জে ৫৯ জন, হবিগঞ্জে ২১ জন ও মৌলভীবাজারে ১৩ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যুর মধ্যে নিশ্চিত হাম রোগে ১০ জন এবং হামের উপসর্গ নিয়ে ১৪৪ জনের মৃত্যু হয়েছে।
এর আগে, এক দিন মৃত্যুহীন থাকার পর মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নতুন করে দুই শিশুর মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। ওই দুই মৃত্যুর ফলে মোট মৃত্যুর সংখ্যা ১৫৪ জনে পৌঁছায়। এক দিন পর নতুন কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও বিপুলসংখ্যক সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ পুরোপুরি কাটেনি।



