নেত্রকোনা জেলার হাওর অঞ্চল খালিয়াজুড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, খালিয়াজুড়ি উপজেলার গাজীপুর ইউনিয়নের আন্ধার গ্রামের উত্তর-পূর্ব পাশে ধেনু নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান, খালিয়াজুড়ি থানার এসআই মো: আব্দুল করিম ও তার পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।
ঘটনাস্থল থেকে কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার দৌলতপুর গ্রামের মো: সুরুজ আলীর ছেলে আবুল কাসেম (৪২) এবং একই জেলার মিঠামইন উপজেলার পুরান বগাদিয়া গ্রামের মো: আবুল কালামের ছেলে মো: মাফিজুল মিয়াকে (২৪) অবৈধভাবে বালু উত্তোলনের সময় হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে আটককৃত দুই আসামিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে পৃথক দুটি মামলায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা করে সর্বমোট ১,০০,০০০/- (এক লাখ) টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাদের প্রত্যেককে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
এ বিষয়ে খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অভিযুক্ত দুই আসামিকে জরিমানা করা হয়েছিল। শুক্রবার (১৭ জুলাই) জরিমানার ১,০০,০০০/- (এক লাখ) টাকা পরিশোধ করায় তাদের ছেড়ে দেয়া হয়েছে।



