ফরিদপুরের নগরকান্দা উপজেলায় গাভীর লাথিতে আহত হয়ে আছিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চরযশোরদী ইউনিয়নের আশফরদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আছিয়া বেগম আশফরদী গ্রামের মরহুম জব্বার তালুকদারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়িতে গাভীর দুধ সংগ্রহ করছিলেন আছিয়া বেগম। এ সময় হঠাৎ গাভীটি লাথি মারলে তিনি গুরুতর আহত হন এবং অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল পৌনে ৯টার দিকে আছিয়া বেগমকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে নগরকান্দা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেন।
পুলিশ জানিয়েছে, যেহেতু হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়েছে, তাই গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানা এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।



