চুয়াডাঙ্গায় পৃথক ৩টি বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীসহ ৪ জনের মৃত্যু

পৃথক এসব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা ও চুয়াডাঙ্গা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানান, সবকটি ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

Location :

Chuadanga
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা ও সদর উপজেলায় পৃথক তিনটি বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় স্বামী-স্ত্রীসহ চারজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত থেকে দুপুরের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—দামুড়হুদা উপজেলার কালিয়াবকরী গ্রামের কৃষক লিটন আলী ও তার স্ত্রী লিপা খাতুন, চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামের নাসির উদ্দীন এবং দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার শফিকুল ইসলাম।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে দামুড়হুদার কালিয়াবকরী গ্রামে বৈদ্যুতিক মেশিনে গরুর ঘাস কাটার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন কৃষক লিটন আলী। এ সময় তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী লিপা খাতুনও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

একই দিন দুপুরে সদর উপজেলার আলুকদিয়া গ্রামে নিজের ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন গিয়াস উদ্দিনের ছেলে নাসির উদ্দীন। স্বজনরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, মঙ্গলবার ভোরে দামুড়হুদার লোকনাথপুর গ্রামে টিউবওয়েলের বৈদ্যুতিক মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম নামে এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

পৃথক এসব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা ও চুয়াডাঙ্গা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানান, সবকটি ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।